আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
দেবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৬
আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ূন কবির। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা এ. কে. ভুঁইয়া, উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপনকে বর্ণাঢ্য, উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উৎসবকে আনন্দমুখর ও নিরাপদভাবে উদযাপন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় সভায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
Copyright © 2026 AP News BD. All rights reserved.